লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) তোরাবগঞ্জ শাখার উদ্যোগে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সদস্যদের মাঝে উন্নত জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় তোরাবগঞ্জ শাখা কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেকের চট্টগ্রাম প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শহিদুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জোনের এলাকা ব্যবস্থাপক মাহবুব আলম।
প্রধান অতিথির বক্তব্যে শামীম রেজা বলেন, উন্নত জাতের আমন ধানের বীজ ব্যবহার করলে ফলন বৃদ্ধি পায় এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হন। তিনি কৃষকদের সময়মতো জমি প্রস্তুত, সঠিক নিয়মে চারা রোপণ, সুষম সার প্রয়োগ, আগাছা দমন এবং রোগবালাই প্রতিরোধে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী চাষাবাদ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোডেক শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে না; পাশাপাশি গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারই অংশ হিসেবে চলতি আমন মৌসুমে কৃষকদের মধ্যে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।
আলোচনা সভা শেষে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সদস্যদের হাতে উন্নত জাতের আমন ধানের বীজ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কোডেকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।