লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্বকাপের খেলা দেখা নিয়ে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার (২০ জুলাই) রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া জহির হোসেন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে জহির হোসেন তার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালান। পরিবারের সদস্যদের সামনেই সংঘটিত ওই ঘটনার প্রায় দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
এরপর রামগঞ্জ থানা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীর নির্দেশনায় এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্ত জহির হোসেনকে গ্রেপ্তার করে।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।