লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে নিখোঁজ হওয়া মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ঘটনাস্থলের অদূরে মাছ ধরার বরশিতে তার মরদেহ আটকা পড়ে।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত মনির হোসেন স্থানীয় আলেকজান্ডার বাজারের টুপি ব্যবসায়ী ছিলেন। তিনি আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার ফকির বাড়ির বাসিন্দা ও আব্দুর রবের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় মনির হোসেন আসলপাড়া লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীতে ডুব দিলে তীব্র স্রোতে তলিয়ে যান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তীব্র স্রোতের কারণে তারা তাকে খুঁজে পাননি। পরে ঘটনাস্থলের অদূরে কয়েকজন ব্যক্তি নদীতে মাছ ধরার জন্য বরশি ফেলেন। একপর্যায়ে বরশিতে মনির হোসেনের মরদেহ আটকে যায়।
খবর পেয়ে রামগতি উপজেলা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মনির হোসেন নিখোঁজ হওয়ার পর থেকে তার একমাত্র ছেলে ছাব্বির হোসেন নদীর পাড়ে কান্নায় ভেঙে পড়েন। স্বজন ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুমদার বলেন, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মাছ ধরার বরশিতে মরদেহটি আটকে পড়েছিল।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।