লক্ষ্মীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো পদক্ষেপ গ্রহণ, চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনীর প্রতিনিধি মেজর জিয়া উদ্দিন আহমেদ, পৌর প্রশাসক জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবা উল আলম ভূঁইয়া, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।
সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, “জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।” তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।