লক্ষ্মীপুর জেলায় এলপিজি গ্যাসের বাজার স্থিতিশীল রাখতে এবং সরকার নির্ধারিত মূল্য কার্যকর নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলপিজি গ্যাসের সরবরাহ ও মূল্য পরিস্থিতি মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে জেলায় পৃথক চারটি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মোট সাতটি মামলায় ৪২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের ভোগান্তিতে ফেলছে। এ ধরনের সিন্ডিকেট ভাঙতে এবং জনস্বার্থ রক্ষায় নিয়মিতভাবে বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সরকার নির্ধারিত মূল্যের বাইরে এলপিজি গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি যে কোনো অনিয়মের তথ্য প্রশাসনকে জানাতে আহ্বান জানানো হয়েছে।