সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ শেখ (৩৭) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে। দেশে তার পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী, দুই শিশুকন্যা এবং মাত্র ১০ মাস বয়সী এক পুত্র।
নিহতের বড় ভাই মো. কাউছার হোসেন জানান, সৌদির দাম্মাম শহরের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মুরাদের মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দ্রুত মরদেহ দেশে আনার জন্য পরিবার সরকারের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতের মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে এবং বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।