মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি শ্রমিক মানবেতর জীবনে, বকেয়া বেতনের জন্য হস্তক্ষেপ দাবি

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাং এলাকার একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত ৮৫ জন বাংলাদেশি শ্রমিক ছয় মাস ধরে বেতন ও ওভারটাইম না পাওয়ায় মানবিক সংকটে পড়েছেন। ভুক্তভোগী শ্রমিকরা জানান, চলতি বছরের ২২ জানুয়ারি থেকে তাদের খাবার সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে।

শ্রমিকরা ২০২৩ সালের ২৯ আগস্ট বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে আসলেও, এখন তারা দৈনন্দিন জীবনের জন্য স্থানীয় কিছু বাংলাদেশির দেওয়া খাবারের ওপর নির্ভর করছেন। অনেককে আগের দিনের বেঁচে থাকা পান্তা বা বাসি ভাত খেয়ে সেহরি করতে হচ্ছে।

শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতনের জন্য কোম্পানির সঙ্গে যোগাযোগ করার পরও তাদের ভিসা বাতিল বা নবায়ন না করার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোম্পানি তাদের চাপ দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিতে চাইছে, যা বেতন আত্মসাৎ করতে ব্যবহার হতে পারে।

মালয়েশিয়ার শ্রম দপ্তর আগামী ১৭ এপ্রিল কোম্পানির সঙ্গে বৈঠকের আয়োজন করেছে, তবে শ্রমিকরা ততদিন কীভাবে জীবনযাপন করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এছাড়াও, তারা বাংলাদেশ হাইকমিশনের কার্যকর হস্তক্ষেপের আশায় আছেন।

শ্রমিকরা সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন যাতে তারা ন্যায্য পাওনা বেতন ফিরে পান এবং মানবিক সংকট সমাধান হয়।

সম্পর্কিত