পোস্টাল ভোটে ধানের শীষে প্রচার শুরু জার্মানিতে

মানহাইমে পোস্টাল ভোটে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করে বিএনপির জার্মানি শাখা। ছবি:
মানহাইমে পোস্টাল ভোটে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করে বিএনপির জার্মানি শাখা। ছবি:

অন্যান্য দেশের প্রবাসীদের মতো জার্মানি থেকেও প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন বিপুলসংখ্যক বাংলাদেশি। এই প্রবাসী ভোট ধানের শীষের পক্ষে নিতে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপির জার্মানি শাখা।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে জার্মানির মানহাইম শহর থেকে এই প্রচারণা কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জার্মানির বিএনপি নেতা আসিফ ইকবাল ভুঁইয়া, নিয়াজ হাবিব, আব্দুর রহমান, আরাফাত রহমান, নাহিদ নিয়াজ, রাজু হোসাইন, শাহজাহান আলী, সাবিদ সরকার, কুরবান আলী মোল্লা, কাজী মিফতা, শাখাওয়াত কাদের নিয়াজ ও নিহাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তব্যে দেওয়ান শফিকুল ইসলাম বলেন, জার্মানিসহ পুরো ইউরোপে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই ভোট যেন ধানের শীষের পক্ষে যায়, সে জন্য প্রবাসের সচেতন নাগরিকদের কাছে পৌঁছাতে হবে। তা না হলে দেশবিরোধী শক্তি প্রবাসী ভোটারদের বিভ্রান্ত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মাঝেও ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের চেতনা তুলে ধরতে হবে। তরুণ ও প্রবীণদের সমন্বয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হলেই মুক্তিযুদ্ধের চেতনায় একটি স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জার্মানির ১৬টি রাজ্যের রাজধানী ও বড় শহরগুলোতে পর্যায়ক্রমে সেমিনার ও সভার আয়োজন করা হবে।

সম্পর্কিত