উন্নত বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেওয়ার পর ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে যুদ্ধক্ষেত্রে পাঠানোর আশঙ্কার অভিযোগ তুলে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ অনুযায়ী, দেশের বিভিন্ন জেলার ওই ৩০ জন যুবককে দালাল ও কয়েকটি এজেন্সির মাধ্যমে কাজের ভিসায় রাশিয়ায় পাঠানো হয়। তারা অভিযোগ করেন, জাবাল-ই-নূর ইন্টারন্যাশনাল লিমিটেড এবং আর এস ইন্টারন্যাশনাল নামের দুইটি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব যুবককে বিদেশে নেওয়া হয়।
পরিবারের সদস্যরা বলেন, রাশিয়ায় নেওয়ার সময় তাদের ভালো চাকরি, উচ্চ বেতন এবং নিরাপদ কর্মপরিবেশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তারা জানতে পারেন।
মানববন্ধনে ভুক্তভোগীদের একজন স্বজন তাছলিম সরদার বলেন, যেকোনো মুহূর্তে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হতে পারে। এতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে আছেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাশিয়ায় থাকা ওই ৩০ জন বাংলাদেশিকে দ্রুত শনাক্ত করে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী মো. পলাশ শেখ, রনি, সৌরভ মোল্লা, আলী হাসান সোহেল, আল মামুন, আব্দুল্লাহ আল মামুন, ওয়াসিম আকরাম, আবু হানিফসহ অনেকে।
পরিবারগুলো বলছে, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া জরুরি।