দীর্ঘদিন লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (৭ মে) বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সমন্বয়ে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে অনেকে অপহরণ, নির্যাতন ও অমানবিক পরিস্থিতির শিকার হন।
দেশে ফেরার পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যাবাসিতদের তাদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করার অনুরোধ জানানো হয়েছে, যাতে কেউ মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অবৈধভাবে বিদেশে যাওয়ার ঝুঁকি না নেন।
এদিকে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে কাজ চালিয়ে যাচ্ছে।