শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার এসএসসি পরীক্ষায় কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি জানান, আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শহর ও গ্রামের শিক্ষার মধ্যে বৈষম্য কমিয়ে আনতে সরকার শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, শিক্ষার্থীদের মূল শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাহদী আমিন আরও বলেন, প্রাথমিক শিক্ষায় ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ২০ জুন আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।