এসএসসি প্রথম দিনে ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক বহিষ্কার

স্টাফ রিপোর্টার
 ছবি: Online
ছবি: Online

সারা দেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই বিভিন্ন শিক্ষা বোর্ডে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট ৬ জন শিক্ষার্থী এবং ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, কুরআন মাজিদ ও তাজভীদ এবং বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দকার এহসানুল কবির জানান, ঢাকা ও দিনাজপুর বোর্ডে একজন করে শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছে ৪ জন শিক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ জন পরিদর্শক বহিষ্কার করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন, অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন, অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

সম্পর্কিত