দেশজুড়ে একযোগে প্রথম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এদিন দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টার দিকে পরীক্ষা শেষ হয়। এরপর রাজধানীর কলেজগেটে অবস্থিত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, পরীক্ষার্থীরা হাসিমুখে কেন্দ্র ত্যাগ করছেন।
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মুখে ছিল স্বস্তির হাসি। কেউ কেউ তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন, আবার কেউ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেন। কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মধ্যেও স্বস্তির চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কেন্দ্র থেকে একে একে শিক্ষার্থীরা বের হচ্ছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। যান চলাচল নিয়ন্ত্রণসহ নিরাপত্তা নিশ্চিতে তারা দায়িত্ব পালন করেন, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্র ত্যাগ করতে পারেন।
পরীক্ষা দিয়ে বের হওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, প্রশ্নপত্র কিছুটা কঠিন ছিল বলে মনে হলেও তারা মোটামুটি ভালো পরীক্ষা দিতে পেরেছেন।