শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও শিক্ষকদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, তাই কোনো ধরনের চাপ বা হুমকি-ধমকিতে কাজ হবে না।
শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সভার আয়োজন করে।
সভায় শুরুতে বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল নিয়ে অধ্যক্ষদের মতামত শোনা হয়। এক কলেজ অধ্যক্ষ অভিযোগ করেন, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা শিক্ষা ও প্রশাসনিক কাজে যথাযথ সহায়তা করেন না।
এ বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা বোর্ডের দায়িত্ব শুধু পরীক্ষা নেওয়া, খাতা মূল্যায়ন করা ও ফলাফল প্রকাশ করা নয়; বরং একাডেমিক মানোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখাও তাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, বোর্ডগুলোর নিয়মিত মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক পরিকল্পনা থাকা উচিত, কিন্তু অনেক ক্ষেত্রেই তা দেখা যায় না।
কর্মকর্তা ও শিক্ষকদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, পূর্বের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বা হুমকি-ধমকি দিয়ে চাপ প্রয়োগের সংস্কৃতি আর চলবে না। দায়িত্ব সঠিকভাবে পালন করলে সবাই তাদের প্রাপ্য সুবিধা ও পদোন্নতি পাবেন।