শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন,
স্কুলে লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া মেধা নির্ধারণ করে না। তিনি দাবি করেন, লটারি পদ্ধতিতে কতজন ভর্তি হয় এবং কতজন অন্য প্রক্রিয়ায় সুযোগ পায়—এ বিষয়ে তার কাছে তথ্য রয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, লটারি নিয়ে সমালোচনা হচ্ছে, কেউ বলছে এতে ধনী-গরিবের বৈষম্য তৈরি হয়। তবে তার মতে, লটারি পদ্ধতি না মেধা নির্ধারণ করে, না বৈষম্য কমায়।
তিনি আরও বলেন,
“কোচিং সেন্টার তৈরি হচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থার দুর্বলতার কারণে। আগে আমাদের শিক্ষকদের প্রশিক্ষিত করতে হবে। শিক্ষকরা কী শেখাবেন সেটিই আমাদের অগ্রাধিকার।”
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। সভার আয়োজন করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির। শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন বোর্ডের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।