শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থায় খেলাধুলা, সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা এবং নৈতিকতার ওপর গুরুত্ব বাড়ানো হচ্ছে। তিনি বলেন, নতুন প্রজন্মকে আনন্দময় ও মূল্যবোধনির্ভর শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে শিক্ষা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।
শনিবার (১১ জুলাই) সকালে সাভারে গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একসময় সরকারি কর্মকর্তারা খিচুড়ি রান্না কিংবা কচুরিপানা পরিষ্কারের মতো বিষয়ে বিদেশে প্রশিক্ষণে যেতেন। সেই সময় শেষ হয়েছে। বর্তমানে সরকার শিক্ষাব্যবস্থায় স্পোর্টস কালচার, ফ্যামিলি ভ্যালুস, বিতর্কচর্চা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-এর মতো বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে। পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হবে।
ড. এহসানুল হক মিলন জানান, নতুন কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকেই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং দেশের প্রকৃত ইতিহাস ধাপে ধাপে সব শ্রেণির পাঠ্যবইয়ে সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছরের পাঠ্যপুস্তকে ইতোমধ্যে বেশ কিছু পরিমার্জন আনা হয়েছে। তবে স্বল্প সময়ের মধ্যে পুরো কারিকুলাম পরিবর্তন সম্ভব নয়। যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ লক্ষ্যে নতুন শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।