ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের

স্টাফ রিপোর্টার
 ছবি:
ছবি:

বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং ইস্যুতে আগাম সতর্কবার্তা দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনাকে ঘিরে চলমান বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ফাইনালে ম্যাচ পরিচালনায় কোনো ধরনের শিথিলতা বা নিয়ম ভাঙার সুযোগ দেওয়া উচিত হবে না।

চলতি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্জেন্টিনাকে রেফারিদের কাছ থেকে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার অভিযোগও আলোচনায় ছিল। বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়ার পর মিসরের কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তাফা জিকো প্রকাশ্যে রেফারির সমালোচনা করেন। পরে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জমা দেয়।

এমন প্রেক্ষাপটে আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন স্পেন কোচ।

স্প্যানিশ দৈনিক স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।’

তবে একই সঙ্গে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের প্রতি পূর্ণ আস্থার কথাও জানান তিনি।

দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কারভাবে জানা আছে, এমন বড় ম্যাচে কীভাবে খেলতে হয়।’

আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনির সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেন স্প্যানিশ কোচ। কোচিং কোর্সে স্কালোনির প্রশিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। তবে পুরোনো সম্পর্কের বাইরে ফাইনালে স্পেন নিজেদের স্বাভাবিক খেলাতেই মনোযোগ দেবে বলে জানান তিনি।

তার ভাষায়, ‘আর্জেন্টিনা তাদের নিজস্ব ঘরানায় খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকতে হবে শুধু নিজেদের খেলায়। নিজেদের ফুটবলকে আরও শক্তিশালী করা এবং সেটিকে আরও নিখুঁত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

স্প্যানিশ ফুটবলারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা যদি আমাদের ফুটবল দর্শন ও খেলার ধরন থেকে বিচ্যুত হই, তবে আমাদের ভুগতে হবে। আমরা ফুটবলটা ফুটবলের মতোই খেলতে পছন্দ করি। নিজেদের ভাবনায় অটল থাকতে চাই, কোনো ধরনের উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে রেফারিং, কৌশল এবং মানসিক দৃঢ়তা—সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সম্পর্কিত