মিরপুরে তারুণ্যের স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মিরপুরে উৎসবমুখর পরিবেশে তারুণ্যের স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
মিরপুরে উৎসবমুখর পরিবেশে তারুণ্যের স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ : ঢাকার মিরপুরের বাউনিয়াবাদ ঈদগাঁ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের স্পোর্টস কার্নিভাল ২০২৬’। ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস)-এর আয়োজনে এবং তেরে দেস হোমস ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজন বাস্তবায়িত হয়।

এতে অর্থায়ন করেছে সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন (এসডিসি) এবং অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ওআরএফ)।

কার্নিভালের মূল লক্ষ্য ছিল কিশোর-কিশোরী ও তরুণদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা, নেতৃত্বগুণ তৈরি করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। বিশেষভাবে মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করে লিঙ্গ সমতার বার্তাও তুলে ধরা হয়।

আয়োজকদের উদ্যোগে গত পাঁচ মাস ধরে ২২টি গ্রুপে ‘সুরক্ষার জন্য ফুটবল’ এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়। মোট ১৮টি সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ছয়টি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা অর্জন করেছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি মাঠে মেয়েদের ফুটবল খেলা উপভোগ করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তরুণদের পড়াশোনায় মনোযোগ, পরিবারকে সম্মান, স্বাস্থ্য সচেতনতা এবং অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন। একইসঙ্গে এমন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও সহায়তার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরে দেস হোমস ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও হেড অব প্রোগ্রাম জিনিয়া আফরোজ। তিনি অর্জিত দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আয়োজকদের মতে, খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি শৃঙ্খলা, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে। অংশগ্রহণকারী শিশুরাও তাদের অভিজ্ঞতায় খেলাধুলার ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (প্রোগ্রাম ও প্ল্যানিং) মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভূমিকা রাখছে।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ রবিউল হাসান খান মনা, সাংবাদিক রিতা ভৌমিক, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্পিরিট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌসি।

সম্পর্কিত