আজ বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা ফুটবল দল। এই ম্যাচ ঘিরে রাজধানী ঢাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসবমুখর পরিবেশ।
আর্জেন্টিনা সমর্থকদের পাশাপাশি এবার দলটির জয়ের প্রত্যাশা করছেন ব্রাজিল সমর্থকরাও। তাদের মতে, আর্জেন্টিনা জয় পেলে ভবিষ্যতে ব্রাজিল-আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ম্যাচ দেখার সুযোগ তৈরি হতে পারে।
ঢাকার বিভিন্ন এলাকায়—বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রাঙ্গণ, টিএসসি, পুরান ঢাকার ওয়ারী, কলতাবাজার, রায়সাহেব বাজার, টিকাটুলি, স্বামীবাগ, জুরাইন, মুরাদপুর ও শনির আখড়ায় বড় পর্দা, প্রজেক্টর ও টেলিভিশনের মাধ্যমে খেলা দেখার আয়োজন করা হয়েছে।
জার্সি গায়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন সমর্থকেরা। কেউ মুখে ও হাতে পতাকা আঁকছেন, কেউ বাঁশি ও ভুভুজেলা কিনছেন। অনেক জায়গায় ছোট ছোট মিছিলও দেখা গেছে। পরিবারের সদস্যদের নিয়েও অনেকে খেলা দেখতে এসেছেন।
যাত্রাবাড়ী থেকে আসা সমর্থক নুর নবী বলেন, মেয়েকে নিয়ে খেলা দেখতে এসে আনন্দ উপভোগ করছেন তিনি।
টিএসসিতে উপস্থিত আর্জেন্টিনা সমর্থক রিফাত হাসান বলেন, অস্ট্রিয়া কঠিন প্রতিপক্ষ হলেও তারা আর্জেন্টিনার জয়ের বিষয়ে আশাবাদী।
অন্যদিকে ব্রাজিল সমর্থক কামরুল বলেন, আর্জেন্টিনা জিতুক চান তারা, যাতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের উত্তেজনা উপভোগ করা যায়। তবে রাকেশ নামে আরেক সমর্থক জানান, প্রতিদ্বন্দ্বিতা থাকলেই খেলার আসল মজা পাওয়া যায়।
পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা রাতুল জানান, এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন হয়েছে এবং পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
এদিকে আর্জেন্টিনার সমর্থনে বাংলাদেশে আসেন আর্জেন্টাইন ভ্রমণ লেখক ও সাংস্কৃতিক দূত ডেন লানডে। তিনি আজ মহসীন হল মাঠে বড় পর্দায় ম্যাচ উপভোগ করবেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসো উপস্থিত থাকার কথা রয়েছে।
সব মিলিয়ে রাত ১১টার এই ম্যাচকে ঘিরে রাজধানীজুড়ে বইছে ফুটবল উন্মাদনার হাওয়া।