শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীদের একটি দল।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত কয়েক দিনের বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে যথাসময়ে পৌঁছাতে পারেননি। ফলে অনেকেই গত দিনের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

তারা দাবি করেন, বৈরী আবহাওয়ার বিষয়টি বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা উচিত ছিল। কিন্তু বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে।

ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আয়মান বলেন, গতকাল ফিজিক্স ও অ্যাকাউন্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা পেছানোর দাবি জানানো হলেও তা মানা হয়নি।

তিনি বলেন, যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে। এছাড়া যাদের পরীক্ষা খারাপ হয়েছে, তাদের বিষয়টিও বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এমসিকিউ ও সিকিউ মিলিয়ে পাস দেওয়ার ব্যবস্থা এবং শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সায়েন্সল্যাব, নীলক্ষেত, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছিল।

সম্পর্কিত