প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

স্টাফ রিপোর্টার
এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

রোববার (৬ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করারও আহ্বান জানান তিনি।

ফরিদা খানম বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন বিষয় ঘুরে দেখেন।

সম্পর্কিত