সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবে। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এই পাবলিক পরীক্ষা।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন, যা প্রায় সমান।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।
বোর্ডভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ড-এর অধীনে, যার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লায় ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন, যশোরে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন, চট্টগ্রামে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন, বরিশালে ৮১ হাজার ৮৩১ জন, সিলেটে ৮৯ হাজার ৪২১ জন, দিনাজপুরে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন এবং ময়মনসিংহে ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী রয়েছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড-এর অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।
অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেবে, যার মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।
পরীক্ষা আয়োজনের জন্য সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছে। সবচেয়ে বেশি কেন্দ্র ঢাকা বোর্ডে (৫১০টি) এবং সবচেয়ে কম কেন্দ্র ময়মনসিংহ বোর্ডে (১৮৮টি)। এছাড়া মাদরাসা বোর্ডের আওতায় ৭৪২টি এবং কারিগরি বোর্ডের আওতায় ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।