আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে মন্ত্রী ও সংসদ সদস্যদের সার্বিক সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে বিভাগীয় শহরসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ব্যক্তিগতভাবে সফরের পরিকল্পনাও রয়েছে শিক্ষামন্ত্রীর।
এর আগে ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নকল প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছিলেন এহছানুল হক মিলন। তবে পরবর্তীতে সেই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণীত ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’ বাস্তবায়ন এবং সময়োপযোগী সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিতে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ, কেন্দ্রের আশপাশে অবৈধ জমায়েত নিয়ন্ত্রণ এবং কোচিং সেন্টার বন্ধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রী ও সংসদ সদস্যদের উদ্দেশে তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাদের বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তরিক সহযোগিতায় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।