এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আবারও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
তবে বৃষ্টি ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবারের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী রায়ান বলেন, বৃষ্টি ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে বৃহস্পতিবারের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
শিক্ষার্থীরা বলেন, তারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছেন না, বরং সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন। তাদের অভিযোগ, শিক্ষামন্ত্রী পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও একটি পুরো ব্যাচের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের একটি ফেসবুক পেজের বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীরা জানান, ওই পেজের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
তারা আরও বলেন, তারা রাজনীতি করতে আসেননি। নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— এমসিকিউ ও সৃজনশীল অংশের নম্বর একত্র করে পাস নম্বর নির্ধারণ করা, বিভিন্ন কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।