১৮০ দিনে দেশের প্রতিটি উপজেলায় বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ

স্টাফ রিপোর্টার
 ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

দেশের প্রতিটি উপজেলায় ১৮০ দিনের মধ্যে দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হবে। এছাড়া খুব দ্রুততম সময়ে দেশের সব প্রাথমিক শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে স্কুল ড্রেস ও কেডস পৌঁছে দেওয়া হবে। এক বছরের মধ্যে প্রাথমিক, কারিগরি, মাদ্রাসা এবং স্কুল-কলেজের সব শিক্ষকের হাতে ট্যাব সরবরাহেরও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি মঙ্গলবার মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের কর্মসূচি, ২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনা ও আগামী পাঁচ বছরের শিক্ষা খাতের উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধাদের’ জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে।

তিনি শিক্ষাখাতে আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে নির্দেশ দেন। এছাড়া বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস, শিক্ষার্থী ঋণ সুবিধা এবং হাফেজে কোরআনদের সম্মান ও স্বীকৃতি প্রদানের পরিকল্পনাও জানান।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের জট দূর করতে একাধিক পালায় প্রশিক্ষণ কার্যক্রম চালানোর নির্দেশ দেন মন্ত্রী। জাতীয়করণ হওয়া ৫০ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড চালু, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক বিতর্ক প্রতিযোগিতা ও বিতর্ক ক্লাব গঠনসহ শিক্ষার্থীদের মেধা বিকাশের উদ্যোগ নেওয়া হবে।

সম্পর্কিত