ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী Dr. A N M Ehsanul Haque Milon বলেছেন, প্রচলিত নকলের সংস্কৃতি অনেক আগেই বন্ধ করা হয়েছে। তবে বর্তমানে ডিজিটাল মাধ্যমে নকলের প্রবণতা বাড়ছে, যা কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল’ শব্দটির কবর অনেক আগেই দেওয়া হয়েছে। এ বিষয়ে নতুন করে কথা বলতে চান না তিনি। তবে প্রযুক্তির অগ্রগতির ফলে এখন ডিজিটাল উপায়ে নকলের ঘটনা ঘটছে এবং এ ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকতে হবে।

উচ্চশিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, দেশে অযথা বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক (অনার্স) কোর্স চালুর প্রবণতা বেড়েছে। সবাই অনার্স কোর্স চালু করতে আগ্রহী হলেও এর যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা বিবেচনা করা জরুরি।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমাদের দেশে শুধু উচ্চ শিক্ষা আর উচ্চ শিক্ষা, সবাই খালি অনার্স খুলতে চায়। এর কি দরকার?’

পরীক্ষার খাতা মূল্যায়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষা বোর্ডের উত্তরপত্র এলোমেলোভাবে (র‌্যান্ডমলি) পর্যালোচনা করা হবে। কোনো পরীক্ষক শিক্ষার্থীদের অযৌক্তিকভাবে কম বা বেশি নম্বর দিয়েছেন কি না, সেটি খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, সুষ্ঠু মূল্যায়ন নিশ্চিত করতে উত্তরপত্র পরীক্ষার ক্ষেত্রে জবাবদিহি ও স্বচ্ছতা বাড়ানো হবে। এতে শিক্ষার্থীরা তাদের প্রকৃত মেধার ভিত্তিতে ফলাফল পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত