ফেসবুকে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি দাবি করেন, একটি ‘বট বাহিনী’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
শুক্রবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবীনবরণ (ওরিয়েন্টেশন) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “এই বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড তৈরি করে এবং ট্রল করে। এমনকি আমি নাকি পরীক্ষার দিন রুটিন প্রকাশ করব—এমন হাস্যকর অপপ্রচারও চালানো হচ্ছে।”
সম্প্রতি আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। শিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে না এবং পরীক্ষার বিষয় হলে জানানো হবে’—এমন তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।
এছাড়া ‘ফেল করলেই এমপিও বাতিল’—এমন তথ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “আমি বলেছিলাম, কোনো প্রতিষ্ঠানে জিরো পাস হলেও এমপিও বাতিল করা হবে না। কিন্তু সেটিকে বিকৃত করে বলা হচ্ছে ফেল করলেই এমপিও বাতিল হবে।”
তিনি আরও বলেন, বর্তমানে এমন অবস্থা তৈরি হয়েছে যে, “দেশ যেন ফেসবুকেই চলছে।”