শিক্ষা ও দক্ষতার আলো পৌঁছাবে প্রতিটি ঘরে: ববি হাজ্জাজ

স্টাফ রিপোর্টার
 ছবি: ববি হাজ্জাজ
ছবি: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্ভাবনী শিক্ষা উদ্যোগগুলো জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সরকার আগ্রহী। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সফল মডেলগুলো বৃহত্তর পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (১০ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু সহনশীল শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ভাসমান বা নৌকাভিত্তিক বিদ্যালয় মডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে পরিচালিত এ ধরনের শিক্ষা কার্যক্রম একটি কার্যকর ও পরীক্ষিত মডেল হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, এখন প্রয়োজন এই অভিজ্ঞতা ও সাফল্যকে দেশের অন্যান্য অনুরূপ অঞ্চলে সম্প্রসারণ করা। এ লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়।

ববি হাজ্জাজ আরও বলেন, প্রতিটি শিক্ষা উদ্যোগই গুরুত্বপূর্ণ। তবে উদ্যোগ গ্রহণের চেয়ে তা সফলভাবে বাস্তবায়ন এবং বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। আগামী দিনে সরকার এসব সফল উদ্যোগকে জাতীয় পর্যায়ে বিস্তারে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

বাংলাদেশের শিক্ষা উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কারপ্রাপ্ত সিধুলাই স্বনির্ভর সংস্থাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি সুসান ভাইজসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত