শিক্ষার মানোন্নয়নে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কঠোর মনিটরিং ব্যবস্থার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৬ জুলাই) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের মান নিশ্চিত করতে প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। এর মাধ্যমে ক্লাসরুমে পাঠদান সঠিকভাবে হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করতে হবে, যেখান থেকে যেকোনো সময় দেশের যেকোনো ক্লাসরুম পর্যবেক্ষণ করা যাবে। এতে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
শিক্ষামন্ত্রী দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থী ও শিক্ষকরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকতে পারেন, সেজন্য শতভাগ প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও ব্যবহারযোগ্য টয়লেট নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি অপরিহার্য। শিক্ষা কাঠামো এমনভাবে সাজাতে হবে যাতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আগ্রহী হন।
অনুষ্ঠানে শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।