ইয়ামালের ইতিহাস, সৌদিকে উড়িয়ে দিচ্ছে স্পেন

স্টাফ রিপোর্টার
 ছবি: লামিনে ইয়ামাল
ছবি: লামিনে ইয়ামাল

কেপ ভার্দের বিপক্ষে আগের ম্যাচে ড্র করার পর কিছুটা চাপে থাকলেও সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে স্পেন। বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টায় শুরু হওয়া ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েই ইতিহাস গড়েছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল।

আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা ইয়ামালকে এবার শুরু থেকেই খেলানোর সিদ্ধান্ত নেন স্প্যানিশ কোচ। শুরুর একাদশে চারটি পরিবর্তন এনে মাঠে নামে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই আস্থার প্রতিদান দিতে মাত্র ১০ মিনিট সময় নেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।

দুর্দান্ত এক গোলে স্পেনকে এগিয়ে দেওয়ার পাশাপাশি তিনি বিশ্বকাপের ইতিহাসে নতুন একটি কীর্তিও গড়েন। ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ম্যাচে প্রথম গোল করার রেকর্ড এতদিন ছিল কেবল পেলে-এর দখলে। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর বয়সে গোল করে সেই কীর্তি গড়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার। দীর্ঘ ৬৮ বছর পর সেই ঐতিহাসিক রেকর্ডে নাম লেখালেন ইয়ামাল।

ইয়ামালের গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্পেন। আক্রমণের ধারাবাহিকতায় ব্যবধান আরও বাড়ান মিকেল ওয়াইরসাবাল। অল্প সময়ের ব্যবধানে তিনি জোড়া গোল করে দলকে বড় ব্যবধানে এগিয়ে দেন।

প্রথম গোলটি আসে একটি কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে। দানি ওলমোর ফ্লিক এবং এমেরিক লাপোর্তের স্পর্শের পর বল পেয়ে ঠান্ডা মাথায় জালে পাঠান ওয়াইরসাবাল।

এরপর আরেকটি আক্রমণে মার্কো কুকুরেয়ার নিয়ন্ত্রণ থেকে দানি ওলমোর বাড়ানো বল নিখুঁত শটে জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি। ফলে ম্যাচের শুরুতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইউরোপীয় চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, গড়ে ২৮ বছর ২৭২ দিন বয়সী একাদশ নিয়ে মাঠে নামে সৌদি আরব। বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ বয়সী শুরুর একাদশ হিসেবে রেকর্ডে জায়গা করে নিয়েছে।

সম্পর্কিত