ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকার ও আইসিসির সর্বোচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বুলবুল জানিয়েছেন, খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক, স্পন্সর ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বিসিবি তাদের অধিকারের প্রশ্নে কঠোর অবস্থান নেবে।
বুলবুল বলেন, “আমরা আইসিসিকে নিরাপত্তা এবং সুরক্ষার গুরুত্ব তুলে ধরেছি। বিদেশে খেলার জন্য সরকারের অনুমোদন প্রয়োজন, তাই সরকারের নির্দেশনা নিচ্ছি। নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হলে আমরা আমাদের অধিকার রক্ষায় লড়ব। এটি যৌক্তিক কারণ—যতদূর আমরা জানি, খেলোয়াড় মোস্তাফিজের নিরাপত্তার জন্য সমস্যা দেখা দিয়েছে। পুরো দেশের দর্শকও যদি খেলতে যেতে অস্বস্তি বোধ করে, সেটি গুরুতর উদ্বেগের বিষয়।”
তিনি আরও বলেন, জাতীয় দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা হচ্ছে না। “আমরা ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছি এবং বিপিএল আয়োজনের মাধ্যমে দলকে টি-টোয়েন্টি ফরম্যাটের সাথে অভ্যস্ত করছি। প্রস্তুতিতে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।”
শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয় এমন ভিত্তিহীন অপপ্রচার নিয়েও বুলবুল বলেন, “আইসিসির সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদেরকে সুনির্দিষ্ট সমস্যা লিখিতভাবে জানাচ্ছি।”
ভারতের নিরাপত্তা ইস্যুতে যদি বিশ্বকাপে অংশগ্রহণে আপস করতে হয়, বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকবে বলে স্পষ্ট করেছেন বুলবুল। তিনি অতীত উদাহরণ উল্লেখ করে বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত পাকিস্তানে যায়নি, পাকিস্তানও ভারতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি। আমরা সঠিক সমাধান আশা করছি।