বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দ্বিতীয় জরুরি সভায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি আধুনিক সুইমিং পুল নির্মাণ এবং বিদ্যমান জিমনেশিয়াম সুবিধার উন্নয়ন। এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যয়ও অনুমোদন করেছে বোর্ড।
এর আগে জাতীয় দলের ক্রিকেটাররা পারফরম্যান্স বোনাসের পরিবর্তে মিরপুরে আধুনিক প্রশিক্ষণ সুবিধা ও অবকাঠামো উন্নয়নের দাবি তুলেছিলেন। সেই প্রেক্ষাপটে সুইমিং পুল নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়েছে বিসিবি।
এ ছাড়া স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে ছাউনি স্থাপন এবং টয়লেট সুবিধা সংস্কারের জন্যও বাজেট অনুমোদন করা হয়েছে। দর্শকদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
সভায় জাতীয় ক্রিকেট দলের জন্য একটি নতুন টিম বাস কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি শেরে বাংলা স্টেডিয়ামের দুটি প্রধান ড্রেসিংরুম, খেলোয়াড়দের ডাইনিং রুম এবং ভিউয়িং এরিয়া আধুনিকায়নের অনুমোদন দেওয়া হয়েছে।
একই সভায় বিসিবি পরিচালক মীর শাকরুল আলম সিমান্তর পদত্যাগপত্র গ্রহণ করা হয়। এছাড়া বিভিন্ন স্থায়ী কমিটি এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নামও অনুমোদন করেছে বোর্ড।